আমার কলিজার টুকরা , নয়নের মনি, আমার এহকাল ও পরকালের সম্বল, মোঃ মুজাহিদুর রহমান তোমার উপর আমার প্রাণের স্নেহ মাখা সালাম ও অন্তরের দোয়া। পরকথা এই যে, সর্বপ্রথম আল্লাহর মুহাব্বত ও ভয় ও আশা অন্তরে জায়গা দিবা। ইহার মোকাবিলায় কাহারও মুহাব্বত ও ভয় ও আশা থাকিবেনা। দ্বিতীয় কথা এলেম যাহা শিখিয়াছো হক্বভাবে যাহা বুঝিয়াছো, তাহার উপর অমল করার জন্য আল্লাহর নিকট তাওফিক চাহিবা। কারণ আল্লাহর তাওফিক ছাড়া কেহ কিছু অমল করিতে পারিবেনা। সর্বকাজে আল্লাহর উপর ভরসা করিবা, আল্লাহ সমাধা করিবেন। অশা রাখিবা। সদা সর্বদা আল্লাহর হুকুম ও রাসূল স. এর পূর্ণ সুন্নাতের উপর চলিতে চেষ্টা করিবা। আল্লাহর সন্তুষ্টি হাসিল করিবার জন্য সদা যত্নবান ও পাগলপরা থাকিবা। আল্লাহর নারাজিকে জাহান্নামের থেকে ভয় করিবা। সর্বাবস্থায় কাহারও মুখাপেক্ষি যাহাতে নাথাকিতে হয়,আপ্রাণ চেষ্টা করিবা। স্বাবলম্বী অর্জন করিবা। দুনিয়া ও আখেরাতের ক্ষেত্রে আখেরাতকে আগে বা উপরে রাখিবা, দুনিয়াকে তলে রাখিবা। সমাজে মাছয়ালা বলিতে বুঝিয়া বলিবা। যদি বোঝো তোমাকে মানে, মাছয়ালা দিলে টিকিবে, তাহলে দিবা। সমাজে ফাসাদ সৃষ্টি হওয়ার ভয় থাকিলে দিবানা। দিলে হক্ব বুঝিয়া দলীল সহকারে দিবা এবং অটুট থাকিবা। মাদরাসাকে জান দিয়া মুহাব্বত করিবা। জান মাল সময় খরচ করিবা। এবং আখেরাতে নাজাতের ওছিলা মনে করিবা। মা বাবা , ভাই বোন, অত্মীয় স্বজন, উস্তাদ যার যে হক্ব আছে , আদায় করিবা। দেনা না হইয়া পারিলে দেনার কাছেও যাইবানা। খরচ আয় অনুযায়ী করিবা। যে তোমার সঙ্গে খারাপ ব্যাবহার করে, তাহার সঙ্গে খারাপের বদলায় ভালো ব্যাবহার করিবা। হালাল হারাম , জায়েয নাজায়েয তমীজ করিবা।দরকার হইলে শরীয়তে যেটা এজাযত দিয়াছে, তাহা ছাড়া মিথ্যার কাছেও যাইবানা। সদা সত্য কথা বলিবা। কাহারও অন্তরে ব্যাথা পায়, এমন কোনো কথা বা ব্যাবহার করিবানা। মৃত্যুকে সদা সামনে রাখিবা। দরকার ছাড়া কথা বলিবানা। আল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করিবা, যেন দেলে মুখে জারী থাকে। আমার এই অসিয়ত ও নসীহাত অন্তরে গাথিয়া রাখিবা। দোয়া করি। হায়াতের উপর বিশ্বাস নাই। আমার জন্য দোয়া করিবা, আল্লাহর কাছে যেন জায়গা পাই, আমাকে যেন মাফ করেন, মাদরাসা কবুল করেন। আমার সম্বল তুমি এবং মাদরাসা। এছাড়া আমার আর কিছু নাই।
মোঃ লুৎফররহমান